
নিজস্ব প্রতিবেদকঃ
বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশের পরেও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মোগরাপাড়া বাজার ঘাটলা এলাকায় ডিসি অফিসে কর্মরত এল পি আর-এ আসা মোঃ রফিক মিয়া নামে কর্মচারী রাস্তার সামনে শাটার মেরে সরকারি খাসজমি ও মারিখালী নদের চান্দি দখল করে আরসিসি পিলার তৈরি স্থায়ী বিল্ডিং নির্মাণের ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছে। এর আগে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) আনোয়ার হোসেন কাজ বন্ধের নির্দেশ দেন। ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে ডিসি অফিস পরিচয়দানকারী মোঃ রফিক মিয়া নির্মানাধীনের কাজ চলমান রেখে ঢালাই কাজ সম্পন্ন করেন বলে জানান স্থানীয় এলাকাবাসী।
মোগরাপাড়া এলাকার স্থানীয় ব্যবসায়ী আনু জানান, সরকারি অনুমতি না নিয়ে উপজেলার মোগরাপাড়া বাজারস্থ বটগাছতলায় ঘাটলার পশ্চিম পাশে মোগরাপাড়া ইউপির দমদমা (বৈঠকখানা) এলাকার মৃত আহাদ মিয়ার ছেলে মোঃ রফিক মিয়া সরকারি খাসজমি ও মারিখালী নদের চান্দি অবৈধভাবে দখল করে স্থায়ীত্ব করে আরসিসি পিলার নির্মাণ কাজ শুরু করেন।
এ ব্যাপারে মোঃ রফিক মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি ১৯৮৮ সালে সাবেক প্রসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে ৯৯ বছরের বন্দোবস্ত এনেছি। কাগজপত্রের বিষয় জানতে চাইলে তিনি বলেন, কাগজ আপনাদের দেখানোর প্রয়োজন নাই, আপনাদের কেন দেখাবো।
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ বলেন, সরকারি ভাবে লীজ বা বন্দোবস্ত ছাড়া কেউ স্থায়ীভাবে আরসিসি পিলার তৈরি বা নির্মাণ কাজ করতে পারেন না। বিষয়টি আমি খতিয়ে দেখবো।
Reporter Name 



















