
তানভীর আহমেদ : নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজারুল ইসলাম মান্নানের বিরোধিতা করায় স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও সাবেক এমপি মোঃ গিয়াস উদ্দিন অনুগামী ২৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। গত দুই দিনে বিএনপি থেকে বহিষ্কৃত এই দুই নেতার ২৪ নেতাকর্মীকে বহিষ্কার ঘোষণা করা হয়। এদিকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বেশ কয়েকজন নেতাকর্মীও এই সন্দেহের তালিকায় রয়েছে, যারা ধানের শীষের পক্ষে আছে বলে দাবী করলেও ধানের পক্ষে তারা কাজ করছে না। তবে মামুন মাহমুদের অনুগামী বেশ কয়েকজন নেতাকর্মী বহিষ্কৃত হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
জানাগেছে, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একযোগে ২০ জন ও ২৮ জানুয়ারি বুধবার ৪জন যুবদল নেতাকে বহিষ্কার ঘোষণা করেছে। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হল: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা।
এ ছাড়াও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিককে বহিষ্কার করা হয়েছে উল্লেখিত আদেশে।
এর আগের দিন বিএনপির যুবদলের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ যুবদলের ৪জন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
২৮ জানুয়ারি বুধবার কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু ও নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেলকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে হাইব্রিড নেতাদের বহিস্কার নাই, নজরুল ইসলাম টিটুর ছেলে লিটুকে আতাউর রহমানের মধ্যস্থতায় বিএনপির দলে মান্নান জায়গা করে দিচ্ছে বলে সুত্রে জানা যায়।
তানভীর আহমেদ 















