
- ভালোবাসার কাঙাল- মাহজাবীন মিতি
একটা মানুষ কতটা ভালোবাসার কাঙাল হতে পারে, জানো?
সে হয়তো সারাদিন ব্যস্ত মুখোশ পরে ঘুরে বেড়ায়,
নির্বিকার থাকার ভান করে, ঠোঁটে হাসির ছোঁয়া রেখে।
কিন্তু রাত হলে—
যখন শহর ঘুমায়,
চাঁদ জানালায় কাঁপতে কাঁপতে ঢোকে,
তখন তার বুকের গভীরে জমে থাকা সব শূন্যতা
চিৎকার করে কেঁদে উঠে একসাথে..
সে মানুষটা হয়তো শুধু একটা “কেমন আছো?” শুনতে চায়—
সেই কাঙ্ক্ষিত কণ্ঠের…
যেখানে মেশানো থাকে একটু চিন্তা, একটু টান, একটু আদর ।
একটা ছোট্ট স্পর্শ, একটা না বলা আশ্বাস,
হয়তো শুধু একটা চোখের ভাষায় ডুবে যেতে চায়।
সে মানুষটা হয়তো ভালোবাসে চুপচাপ
শুধু ভালোবাসতে,
নেই কোনো দাবি, নেই কোনো শর্ত—
তবুও, প্রতিদিন তার ভিতরে জন্ম নেয় এক নতুন খিদে।
ভালোবাসার খিদে।
কেউ তাকে ভালোবেসে বলুক— “তুমি আছো বলেই আমার দিন শুরু হয়।”
সে কাঙাল হয় সেই শব্দগুলোর,
যা কেউ হয়তো অবহেলায় বা নিছক কথার ছলেই বলে ফেলে,
আর সে তা সত্যি মেনে ধরে রাখে আজীবনের মতো।
একটা মানুষ কতটা ভালোবাসার কাঙাল হতে পারে? জানো?
সে এতটাই কাঙাল হতে পারে যে
কারও চোখে একফোঁটা আদর দেখলেই
ভেবে বসে— এ বুঝি আশ্রয়।
সে এতটাই কাঙাল হতে পারে যে
একটা নাম ধরে ডাক শুনলেই তার ভেতর ভেসে যায় একটা নদী।
তাকে ভালোবাসা দিলে সে আকাশ হয়ে যায়,
আর না দিলে?
সে জমে থাকা মেঘ হয়ে—
নিজেকেই বৃষ্টি বানায়।
যারা ভালোবাসার কাঙাল,
তাদের ভালো থাকাটা এক ধরনের “বিপ্লব”।
~~ মাহ্জাবীন মিতি
Reporter Name 















